সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সিএনজি চালক ফারুক
শাহরাস্তি (চাঁদপুর):
সততা আজকের সমাজে এক মহামূল্যবান গুণ। আর সেই গুণের বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন শাহরাস্তির এক সিএনজি চালক মো. ফারুক হোসেন। খেড়িহার গ্রামের বাসিন্দা ফারুক পেশায় একজন সিএনজি চালক হলেও, তাঁর সততা তাঁকে সকলের শ্রদ্ধার পাত্রে পরিণত করেছে।
১৪ জুন সকাল ১০টার দিকে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা থেকে এক দম্পতি সিএনজিতে চড়ে কালীবাড়ি যান। গন্তব্যে পৌঁছে নামার পর ভুলবশত যাত্রীর হাতে থাকা একটি পার্টস ব্যাগ সিএনজির মধ্যেই রয়ে যায়। প্রায় ২০ মিনিট পর বিষয়টি স্মরণ হলে তারা ব্যাগে থাকা মোবাইল নম্বরে একাধিকবার কল দেন, তবে শুরুতে ফোনটি রিসিভ হচ্ছিল না।
কিন্তু দুপুর ২টার দিকে সিএনজি চালক ফারুক নিজে থেকেই যাত্রীর মোবাইলে ফোন করে জানান, ব্যাগটি তাঁর কাছে রয়েছে এবং তিনি বিকেলে নিজেই ব্যাগটি পৌঁছে দেবেন। ঠিক সময়মতো ফারুক ব্যাগসহ সকল জিনিস অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন।
এমন সততার উদাহরণে পরিবারটি অভিভূত হয়ে যায় এবং তাঁকে ধন্যবাদ জানানোর জন্য সামান্য উপহার ও নাস্তার আয়োজন করেন। যদিও শুরুতে ফারুক উপহার গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন, পরে উপস্থিত বন্ধুবান্ধব ও স্থানীয়দের অনুরোধে বিনয় সহকারে তা গ্রহণ করেন।
বিদায়ের সময় তিনি সকলের কাছে দোয়া চেয়ে জানান, “সততার মূল্য কখনো হারায় না, আমি শুধু আমার কর্তব্যটাই করেছি।”