শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শতাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে দলের তৃণমূল পর্যায়ের নেতারা। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে গড়াবে।
শনিবার, ১৩ ডিসেম্বর, বিকেলে উপজেলা পরিষদ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালীবাড়িতে গিয়ে শেষ হয়। মিছিলে পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলের শুরুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তৃণমূল নেতারা অভিযোগ করেন, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে ঘোষিত ৬৬ সদস্যবিশিষ্ট শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক কমিটি দলীয় গঠনতন্ত্র, কেন্দ্রীয় নির্দেশনা ও ত্যাগী নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে গঠন করা হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শাহরাস্তি পৌরসভা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে রাজপথে সক্রিয় ছিলেন। ২০১৩–১৪ সালের আন্দোলনে রেলওয়ে, নির্বাচন অফিস ও ভূমি অফিস সংশ্লিষ্ট একাধিক মামলায় দুই শতাধিক নেতাকর্মী আসামি হন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গায়েবি ও নাশকতার মামলায় ১৮৫ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। এসব মামলার কারণে দীর্ঘদিন ধরে তারা হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করা হয়।
তারা আরও বলেন, ২০২০ সালের সম্মেলনের মাধ্যমে গঠিত ও কেন্দ্রীয়ভাবে অনুমোদিত সদ্য বিলুপ্ত পৌর বিএনপি কমিটি নিয়মিতভাবে কেন্দ্র ও জেলার সব কর্মসূচি বাস্তবায়ন করেছে। পরবর্তীতে দল পুনর্গঠনের লক্ষ্যে কুমিল্লা বিভাগীয় টিমের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ভোটের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চাঁদপুর-৫ আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক একক সিদ্ধান্তে আত্মীয়স্বজন, ব্যক্তিগত কর্মচারী, দীর্ঘদিন নিষ্ক্রিয় ব্যক্তি এবং আওয়ামী লীগের সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করে এই আহ্বায়ক কমিটি গঠন করিয়েছেন। এতে দলের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীরা বাদ পড়েছেন।
তৃণমূল নেতাদের ভাষ্য, ঘোষিত কমিটিতে একই পরিবারের একাধিক সদস্য, রাজনৈতিকভাবে অপরিচিত ব্যক্তি এবং প্রকাশ্যভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী। এতে শাহরাস্তি পৌরসভা ও উপজেলা বিএনপির মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এছাড়া সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মমিনুল হকের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলা হয়, তার বক্তব্য বিএনপির দীর্ঘ আন্দোলন ও ত্যাগকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এতে নেতাকর্মীরা রাজনৈতিকভাবে অপমানিত বোধ করছেন। এ কারণে তার মনোনয়ন বাতিল করে দলের জন্য ক্লিন ইমেজ ও সর্বজন গ্রহণযোগ্য, ত্যাগী নেতাকর্মীকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, আবুল খায়ের সিএ এবং সাবেক মেয়র মোস্তফা কামাল। নেতারা বলেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।