আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ৯:৪০
সর্বশেষঃ

ফটিকখিরা মাইঝপাড়ায় জমাটবদ্ধ ময়লা পানিতে দুর্ভোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনায় এলাকাবাসীর আবেদন

 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফটিকখিরা গ্রামের মাইঝপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জমাটবদ্ধ অস্বাস্থ্যকর পানি ও ময়লা-আবর্জনার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সমস্যার স্থায়ী সমাধান চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা।

আবেদনে উল্লেখ করা হয়, এলাকাটির একটি ডোবা থেকে আগে দুটি নালার মাধ্যমে পানি নিষ্কাশন হতো। বর্তমানে নালাগুলো বন্ধ হয়ে যাওয়ায় ডোবার পানি জমে রয়েছে। সেখানে গোবর, টয়লেটের বর্জ্য ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ার পাশাপাশি দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এছাড়া ওই ডোবার দূষিত পানি পাশের পুকুরে প্রবাহিত হওয়ায় পুকুরের পানি ব্যবহারেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

ভুক্তভোগী মো. আবু ইউসুফ বলেন, “বছরের পর বছর ধরে আমরা এই সমস্যার মধ্যে বসবাস করছি। দুর্গন্ধে ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে। ছোট ছোট শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

আরেক ভুক্তভোগী হারিস মিয়া বলেন, “ডোবার ময়লা পানি সরকারি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হয়ে রাস্তা ভেঙে গেছে। বর্ষাকালে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই।”

ভুক্তভোগীদের পক্ষে আবেদনকারী মো. শুকুর আলম বলেন, “বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি। আমরা আশা করছি প্রশাসন দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

এ বিষয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, “লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরকে নিয়ে সরেজমিনে তদন্ত করে জনস্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্য, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা রক্ষায় দ্রুত ডোবার জমাটবদ্ধ পানি ও ময়লা-আবর্জনা অপসারণ করে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হোক।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories