শাহরাস্তিতে শিক্ষক আজমুল হককে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত করে অপপ্রচার করায় উপজেলা জামায়াতের প্রতিবাদ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমুল হককে ঘিরে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা ও মন্তব্য পরিলক্ষিত হচ্ছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক আজমুল হককে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত কিংবা জামায়াতের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার যে অপপ্রচার চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামী।
এক বিবৃতিতে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল বলেন, “শিক্ষক আজমুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা, কর্মী বা দায়িত্বশীল নন এবং সংগঠনের সঙ্গে তার কোনো ধরনের সাংগঠনিক সম্পৃক্ততা নেই। অথচ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তাকে জামায়াতে ইসলামীর লোক বা নেতা হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, “কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা তৈরি করে প্রচার করা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের অপপ্রচার শুধু বিভ্রান্তিই সৃষ্টি করে না, বরং একটি রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলেও আমরা মনে করি।”
“শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানাচ্ছি।”
মোস্তফা কামাল
আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামী
শাহরাস্তি উপজেলা।