মেহের উত্তর ইউনিয়ন জামায়াতের কর্মীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ সাইফুদ্দীন
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় দায়িত্বশীল ও কর্মীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মেহের স্টেশন সংলগ্ন মাসুদ হোটেলের মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মেহের উত্তর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং শাহরাস্তি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহ আলম বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে কুরআনের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির এবং আগামী দিনের শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ের কর্মীদের সংগঠিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহের উত্তর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ নোমান, শাহরাস্তি উপজেলা জামায়াতের নায়েবে আমির বাদশা ফয়সাল, সাংবাদিক শাহ আলম ভূঁইয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয় এবং আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এরপর উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়।