শাহরাস্তি উপজেলা ছাত্রশিবিরের কুরআন বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ সাইফুদ্দীন
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি উত্তর থানা শাখার উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের জনশক্তি, সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বুধবার (১১ মার্চ) বিকেলে শাহরাস্তি উপজেলার ছাত্রশিবিরের হলরুমে এ আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং শিক্ষার্থীদের মাঝে কুরআনের শিক্ষা বিস্তারের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাফেজ মাহবুব আলম। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। তাই এই মাসে কুরআনের শিক্ষা গ্রহণ এবং তা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে কুরআন অধ্যয়ন, নৈতিকতা চর্চা এবং সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক আবু সুফিয়ান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কুরআন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশনা। কুরআনের আলোকে জীবন পরিচালনা করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
শাহরাস্তি উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি আল আমিন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোস্তফা কামাল, শাহরাস্তি দক্ষিণ থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি কাউসার আলমসহ স্থানীয় ছাত্রনেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং পরবর্তীতে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এরপর অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।