সূচিপাড়া উত্তর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
“কুরআনের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে”—অধ্যাপক শাহ আলম
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বসুপাড়া গ্রামে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধর্মীয় ও সামাজিক এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং আগামী দিনের শাহরাস্তি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক শাহ আলম। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করার মাস। তিনি ইসলামের আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ওয়ার্ড আমির হাফেজ মাওলানা মনির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ সালেহীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জাকির হোসাইন। তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এই মাস কুরআনের আলোকে ব্যক্তি ও সমাজকে গড়ে তোলার অনন্য সুযোগ এনে দেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির এস এম জালাল হোসাইন, সূচিপাড়া উত্তর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাসুদ আলম, হাফেজ মাওলানা মিজানুর রহমান এবং ওয়ার্ড সেক্রেটারি আবুল কালাম রাশেদসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।