শাহরাস্তির কালিয়াপাড়ায় জামায়াতের গণসংযোগ
প্রতিবেদন : আক্তার হোসেন শিহাব
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগের ১২তম দিনে শাহরাস্তি পৌরসভার উদ্যোগে কালিয়াপাড়া এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ৪টা থেকে পরিচালিত গণসংযোগ শেষে দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, চাঁদপুর ০৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
এ সময় অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দাওয়াতী গণসংযোগ পক্ষের ঘোষণা দিয়েছে। এই কর্মসূচী উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে। কালিয়াপাড়া শাহরাস্তির প্রাণকেন্দ্রে অবস্থিত একটি প্রসিদ্ধ ব্যবসায়িক ও আবাসিক এলাকা। এখানে প্রতিদিন প্রায় সহস্রাধীক ব্যবসায়ীর পদচারণায় মুখরিত থাকে প্রতিনিয়ত।
ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তাদেরকে আশ্বস্ত করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে। একই সঙ্গে এলাকার সকল ধরণের চাঁদাবাজকে দূর করতে বলিষ্ঠ পদক্ষে গ্রহণ করবে। এবং আগামী দিনে একটি বৈষম্যমুক্ত দেশ পরিচালনা করতে ভূমিকা রাখবে।
জামায়াত নেতৃবৃন্দ বিভিন্ন মার্কেটে জামায়াতের প্রচারপত্র বিলি, ইসলামী সাহিত্য এবং সহযোগী ফরম বিতরণ করেন। এ সময় শতাধিক ব্যবসায়ী ফরম পূরন করেন। গণসংযোগ শেষে একটি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নেতৃবৃন্দ বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। ৫ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হলো সেখানে ছাত্রদের তিনটি স্লোগান ছিল, “উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবির, আল্লাহু আকবার এবং দিল্লি নয়, ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন সহ পৌর জামায়াতের আরো নেতৃবৃন্দ।