আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৫ই আশ্বিন, ১৪৩৩ ● ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ১:৪৬
সর্বশেষঃ

শাহরাস্তিতে বেপরোয়া বালুবাহী ট্রাকের দৌরাত্ম্য, হাইড্রোলিক চাপায় প্রাণ গেল হাফেজ ইসমাইলের

আহসান হাবিব পাটওয়ারীঃ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বেপরোয়া বালুবাহী ট্রাক চলাচল নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম-নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত গতিতে চলাচলকারী বালুবাহী ট্রাকগুলো প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার উয়ারুক বাজার সংলগ্ন এলাকায় একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন বলশীদ চেঙ্গাচাল গ্রামের হাফেজ ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণহীনভাবে চলতে গিয়ে বালুবাহী ট্রাকটির হাইড্রোলিক অংশ হাফেজ ইসমাইলকে আঘাত করে গুরুতর আহত করে। দুর্ঘটনার পর ট্রাকটি আলীগঞ্জ বালুর গদিতে চলে যায়। পরে চালক গাড়িটি সেখানে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা দ্রুত আহত হাফেজ ইসমাইলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় হাফেজ ইসমাইলের শরীরের একাধিক হাড় ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, শাহরাস্তির বিভিন্ন সড়কে প্রতিদিন অসংখ্য বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করছে। অনেক ট্রাকেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও ফিটনেসের ঘাটতি রয়েছে, ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সচেতন মহল সড়কে চলাচলকারী বালুবাহী ট্রাকগুলোর ফিটনেস পরীক্ষা, গতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories