কালোচোঁ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মানবিক যাত্রার সূচনা: ক্যান্সার আক্রান্ত রোগীকে সহায়তায় প্রথম পদক্ষেপ

দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দীপ্ত অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘কালোচোঁ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে পাথেয় করে সংগঠনটির প্রথম কার্যক্রম হিসেবে এক মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল শনিবার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কালোচোঁ এলাকায় ফাউন্ডেশনের আনুষ্ঠানিক সূচনা লোগ্নে প্রথম মানবিক উদ্যোগ হিসেবে স্থানীয় ক্যান্সার আক্রান্ত রোগী জনাব মোঃ শহীদ মিয়ার হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালোচোঁ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজ থেকে দারিদ্র্য, অসুস্থতা ও শিক্ষার অভাবজনিত সামাজিক বৈষম্য দূর করাই তাঁদের মূল লক্ষ্য। এলাকার দরিদ্র, মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং অসহায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সহায়তার মাধ্যমে একটি সুন্দর ও আলোকিত সমাজ গড়ে তুলতে কালোচোঁ সমাজ কল্যাণ ফাউন্ডেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।
দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করা মোঃ শহীদ মিয়ার পরিবার ফাউন্ডেশনের এই সময়োপযোগী সহায়তায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সুধীজন ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে সংগঠনটির সার্বিক সফলতা কামনা করেছেন।